বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ স্থানীয় একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার শাহরাস্তি উপজেলায়। মাত্র আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে আসার সময় তাদের মধ্যে মারমারিতে জুয়েল আরমান আহত হয়। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে জুয়েলের লোকজন। এসময় দেলোয়ারের প্রতিবেশী ইউসুফ ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় হামলার ভিডিও ধারণ করলে তাকে ছুরিকাঘাতে জখম করে জুয়েলের সমর্থকরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ফতুল্লায় আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে জুয়েল আরমানের লোকজন হামলা চালায়। সে সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com