বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

আজ বুধবার কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। একই সময়ে ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লে তা ধ্বংসের দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি সালেম বিমানঘাঁটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম কুয়েতে হামলা চালাল ইরান।

অন্যদিকে বাহরাইন জানিয়েছে, চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে তারা। দেশটির অভিযোগ, ইরান পরিকল্পিতভাবে বাহরাইনকে লক্ষ্য করে শত্রুতামূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন সেনা ও সামরিক স্থাপনায় ইরানের হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে। তবে ইরানের দাবি, হামলায় কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।এদিকে ওয়াশিংটনে সম্ভাব্য ইরানি হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে আসন্ন কোনো হামলার আশঙ্কা তিনি দেখছেন না। ইরানও এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত ক্রমেই মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি তেলের দাম বেড়েছে।

সংঘাত নিরসনে কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। একই লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর করে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং বৈশ্বিক বাণিজ্য সচল রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

যুদ্ধের কারণে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ওমান উপসাগরে ট্যাংকারে হামলা এবং ইয়েমেনের হুথিদের বাব আল-মান্দেব প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদারের ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বাড়ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com