প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আহ্বানে আগামী রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
এরই অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ড্রোন উড়িয়ে এবং মোটরসাইকেল নিয়ে বিশেষ নিরাপত্তা মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার বিকেলে শহরের পুনিয়াউট মোড় থেকে মহড়া শুরু হয়। এ সময় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির পাশাপাশি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পুলিশ সদস্যরা। হুইসেল বাজিয়ে পরিচালিত এ মহড়া শহর ঘুরে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে শেষ হয়।
মহড়া চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
