প্রথম সমাচার ডেস্ক:
সিলেটে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় একদল লোক হাবিবের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া ১২ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর রাত ৯টার দিকে কামালবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, একটি পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে গেলে মিছিলকারীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর বিরোধ ও ঝামেলা হয়। এ সময় বাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। তবে মিছিলকারীরা কারা ছিলেন তা নিশ্চিত করতে পারছি না। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। ওই সময়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
