প্রথম সমাচার ডেস্ক:
বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন ও এর কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সচিবালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে এর বিপরীত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
জামায়াত আমির আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট থাকলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে হাঁটায় ভবিষ্যতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় সব বিদেশি চুক্তি জাতীয় সংসদে উপস্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণ বন্ধের দাবিও জানান ডা. শফিকুর রহমান।
সূত্র: মূল প্রতিবেদন
