রোববার, ১৪ জুন ২০২৬
Logo
×
গ্রেপ্তার দুই সন্দেহভাজন

ইংল্যান্ডের চুরি হওয়া বিশ্বকাপ কিট উদ্ধার

প্রথম সমাচার ডেস্ক ১৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিশ্বকাপ শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের বেস ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ ট্রেনিং সরঞ্জাম ও ম্যাচ কিট চুরির ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত স্থানীয় পুলিশের দ্রুত অভিযানে সব মালামাল উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে কানসাস সিটির ‘সোয়োপ সকার ভিলেজ’-এ, যেখানে বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) লজিস্টিকস টিম ভ্যান থেকে সরঞ্জাম নামানোর সময় সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ফুটবল বুট, স্পোর্টস শু, জার্সি ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করে স্থানীয় পুলিশ। তদন্তের একপর্যায়ে চুরি হওয়া সব সরঞ্জাম উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে মোস্তফা সালিক ও এরফান কামাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

জ্যাকসন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলেসা জনসন জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে চুরি করা সম্পদ অবৈধভাবে নিজেদের দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের আইন অনুযায়ী এ অপরাধে এক থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

পুলিশের উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চার জোড়া বিশেষ ফুটবল বুট, পাঁচ জোড়া স্পোর্টস জুতা, প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার মূল্যের তিনটি অটোগ্রাফযুক্ত জার্সি, একটি অফিসিয়াল বিশ্বকাপ বল, বিভিন্ন ট্রেনিং কিট, খেলোয়াড়দের ব্যক্তিগত সরঞ্জাম এবং একটি লেগো সেট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কোচ টমাস টুখেলের দল। সরঞ্জাম চুরির ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও সব মালামাল অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ইংলিশ শিবিরে।

এর আগে ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্পে দুর্দান্ত ছন্দে ছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও কোস্টারিকাকে হারানোর পাশাপাশি মিয়ামি এফসিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় হ্যারি কেইন-জুড বেলিংহামরা। মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কাটিয়ে এখন পুরো মনোযোগ বিশ্বকাপের মূল লড়াইয়ে রাখতে চাইছে থ্রি লায়ন্সরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...