প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইহুদি জাতির হাত থেকে মুসলমানদের রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েল শুধু একটি দেশের নাম নয়, ইসরায়েল হচ্ছে আগ্রাসী, বর্বর, নিষ্ঠুর ও খুনি চরিত্রের নাম।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহর অনেক নবীকে ইহুদিরা হত্যা করেছে। তারা নবীদের হত্যা করেছে, জবাই করেছে। ইহুদিরা নবীদের হত্যাকারী। হাজার হাজার বছর পর আমরা বাংলাদেশে বসবাস করছি। ফিলিস্তিন আমাদের থেকে অনেক দূরে হলেও আমাদের চারপাশে এমন কিছু দেশ রয়েছে, যাদের নাম হয়তো ইসরায়েল নয়, কিন্তু বর্বর, নিষ্ঠুর, আধিপত্যবাদী, আগ্রাসী ও সাম্রাজ্যবাদী চরিত্র নিয়ে তারা আমাদের দেশের মুসলমানদেরও ধ্বংস করতে চায়।
তিনি বলেন, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে তারা আশ্রয় দিয়েছে। তাদের যদি দরদ থাকে, তাহলে তাকে খাওয়াক, পরাক, ভরণপোষণ করুক। কিন্তু এখন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, তাদের চেয়ে ওই দেশের মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের বেশি গরজ দেখা যাচ্ছে। পত্রপত্রিকায় এসব বিষয় দেখা যাচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আওয়ামী লীগের লোকেরা এমন ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাকে রাজধানী থেকে বিচ্ছিন্ন করে সীমাহীন তাণ্ডব, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের দিকে তারা ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাষ্ট্রের, দুর্ভাগ্য আমাদের সরকারের। তারা এত নির্জীবভাবে ব্যর্থ।
তিনি বলেন, আমরা যখন দেখি, পুলিশ ও সেনাবাহিনী যাচ্ছে, দাঁড়িয়ে আছে, গাড়ি ও ট্রাক রয়েছে। অথচ পাশ দিয়ে বড় বড় অস্ত্র উঁচিয়ে হাজার হাজার লোক মিছিল করছে, গাড়ি ভাঙছে, পুলিশকে মারছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীর মতো পালিয়ে রাস্তা থেকে সরে যাচ্ছেন। তখন প্রশ্ন জাগে, এটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি ভূখণ্ড? এখানে কি সরকার বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ আছে?
প্রতিবেশী দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সেই দেশের শাসকেরা সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন। তাদের সঙ্গে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তারা গণতন্ত্রের কথা বলেন, অথচ সব চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে একজন খুনিকে এভাবে আশ্রয় দিতে পারেন।
তিনি আরও বলেন, সেখান থেকে তারা সব ধরনের প্রযুক্তিগত সহায়তা পাচ্ছেন। ডিভাইসে কথা বলছেন। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংসহ কয়েকজন মন্ত্রী কথা বলছেন। তারা বলছেন, বাংলাদেশকে দখল করে নেবেন। একটি স্বাধীন, অখণ্ড সত্তা, পৃথক পতাকা ও মানচিত্রের বিরুদ্ধে এমন বক্তব্যের পরও বাংলাদেশের সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ দেখা যায়নি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, এ দেশের আওয়ামী লীগের লোকেরাও এমন কথা বলেনি। তাদের চেয়ে ১০ গুণ বেশি কথা তারা বলছেন। এটি আমাদের পৃথক জাতিসত্তাকে ধ্বংস করার প্রচেষ্টা।
গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে যেমন তাদের নিজস্ব জাতিসত্তা ধ্বংস করে আমেরিকা ও ইহুদিরা দুনিয়াতে আরেকটি ভূখণ্ডের জন্ম দিয়েছিল, আমার মনে হয়, একই চরিত্র নিয়ে এই ভূখণ্ডে আরেকটি নতুন ভূখণ্ড তৈরির দুঃস্বপ্ন তারা দেখছে। কিন্তু সেটি হবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভূখণ্ড অর্জন করেছি।
তিনি বলেন, ব্রিটিশ ভারত থেকে মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পৃথক ভূখণ্ড তৈরি হয়েছিল। কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারতের তৎকালীন শাসকেরা সেই সিদ্ধান্ত লঙ্ঘন করে হায়দরাবাদ ও কাশ্মীরের মতো মুসলিম ভূখণ্ড দখল করেছে। সেখানে মুসলমানদের ওপর অত্যাচার চালানো হয়েছে, অনেক মানুষ শহীদ হয়েছেন। হায়দরাবাদের পৃথক মুদ্রা পর্যন্ত ছিল। এসব দখল ছিল ইসরায়েলের মতো আগ্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, আমাদের সাবধান থাকতে হবে। ইসরায়েল শুধু একটি দেশের নাম নয়, এটি আগ্রাসী, বর্বর, নিষ্ঠুর ও খুনি চরিত্রের নাম। যারা ঈমান ও আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে চান, তাদের স্বাধীন আদর্শ ও অস্তিত্ব নিশ্চিহ্ন করার জন্য ইহুদিবাদের কিছু চর গোপনে যোগাযোগ করছে।
দেশের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দাদের গোপন বৈঠকের খবর প্রকাশিত হয়েছিল উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এই সরকারের ডানার ছায়াতলে তারা রয়েছেন। তাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দাদের গোপন বৈঠক হয়েছে বলে একসময় খবর বেরিয়েছিল। নাম বলতে চাই না, বুঝে নেবেন। তারা এখন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। যারা মুসলিম স্বার্থ ও মুসলিম ভূখণ্ড দখল করতে পারে, রক্তের সাগরে ভাসিয়ে দিতে পারে, সেই দেশের গোয়েন্দা প্রযুক্তি ও তাদের সঙ্গে গোপন যোগাযোগ কখনো আমাদের জাতিসত্তা ও অখণ্ডতার জন্য নিরাপদ হতে পারে না।
তিনি বলেন, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে এবং মুসলিম উম্মাহর তরফ থেকে দুনিয়াব্যাপী মজলুম মানুষের পক্ষে সংহতি প্রকাশ করছেন তারা। ইসরায়েলের নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনি মুসলমানদের প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে সংহতি জানাচ্ছেন।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে প্রকাশ্যে রামদা ও লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল