প্রথম সমাচার ডেস্ক:
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে প্রকাশ্যে রামদা ও লগি-বৈঠা নিয়ে মিছিল ও শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে অবস্থান নিয়ে তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, দিনের আলোয় গোপালগঞ্জ শহরের একটি সেতু পার হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে এগিয়ে আসছেন। মিছিলে অংশগ্রহণকারী অনেকের হাতে রামদা, চাপাতি ও লম্বা ছোরার মতো দেশীয় ধারালো অস্ত্র এবং লগি-বৈঠা ও কাঠের লাঠিসোঁটা দেখা যায়। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে কয়েকজন নারীকেও অবস্থান নিতে দেখা গেছে। স্লোগান দিতে দিতে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিছিলকারীরা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে লগি-বৈঠা ও ধারালো অস্ত্রসহ অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি যৌথ টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়ে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই অবস্থানকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাদের সরিয়ে দেন এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকা ও পুরো জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের টহল ও তৎপরতা অব্যাহত থাকবে।
সূত্র: মূল প্রতিবেদন

ইসরায়েল শুধু একটি দেশের নাম নয়, আগ্রাসী ও বর্বর চরিত্রের নাম: গোলাম পরওয়ার