প্রথম সমাচার ডেস্ক:
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ এবং নিরাপত্তা শঙ্কায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ও আশুলিয়ার অন্তত ৩১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করলেও কিছুক্ষণ পরই বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কার্ড পাঞ্চ করে বেরিয়ে আসেন। সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অন্য কারখানার শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করেন। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, খেজুর বাগান, ইউসুফ মার্কেট, নরসিংহপুর ও গৌড়িপুর এলাকায় দি রোজ ড্রেসেস, রেডিয়েন্স জিন্স ও ফ্যাশন, সুসুকা নীট, পাইওনিয়ার ক্যাজুয়াল, এস২১ অ্যাপারেলস এবং মিউচুয়াল অ্যাপারেলসসহ বেশ কয়েকটি কারখানা থেকে শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে যান।
একপর্যায়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট ও খেজুর বাগান এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আশপাশের বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় এমকে অ্যাপারেলসের প্রধান ফটক, অভ্যর্থনা কক্ষের কাচ এবং একটি গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। দিনভর দফায় দফায় ছুটি ঘোষণার পর বন্ধ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১টিতে।
ছুটি ঘোষণাকৃত কারখানার মধ্যে রয়েছে আশুলিয়ার গোরাট, বেরন, খেজুর বাগান ও সরকার মার্কেট এলাকার স্টার্লিং স্টাইল, স্টার্লিং ক্রিয়েশন, স্টার্লিং অ্যাপারেলস, ইভ ড্রেস শার্টস, সিআইপিএল, লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, টেক্সম্যাক্স, ইউ বেস্ট, ইয়াগী বাংলাদেশ, ডেবোনিয়ার গার্মেন্টস, ওয়াইপি আশুলিয়া, জিমেক্স ক্লোথিং, ডিসান সোয়েটার, রোজ বেস, পাইওনিয়ার ও নেক্সট কালেকশনসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
এছাড়া নরসিংহপুরের শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, সেতেরা গ্রুপ এবং জামগড়া ও শিমুলতলার ফ্যাশন ফোরাম, এনভয় গ্রুপ ও নাভা নীট কম্পোজিটের শ্রমিকেরা কারখানার ভেতরে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন।
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জানমাল ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ৩১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে আজকে বন্ধ রয়েছে ৫০টির মতো কারখানা।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান
বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান রাশেদ খাঁনের
রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের আইনবিষয়ক সদস্য তাজউদ্দিন গ্রেপ্তার