ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার পক্ষে আর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ থাকছে না।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এই সিদ্ধান্ত দেয়। মামলায় জামায়াতের প্রার্থীর পক্ষে আদালতে লড়া আইনজীবী শিশির মনির বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে আবার ভোট হবে কিনা, সেটি স্পষ্ট হবে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই।
ঘটনার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে, যেখানে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির হয়ে জয়ী হন আসলাম চৌধুরী। কিন্তু আদালতের নির্দেশে তখনই তার ফল প্রকাশ আটকে যায়। ভোটের আগে হাইকোর্ট তার প্রার্থিতা টিকিয়ে রাখার পক্ষে রায় দিলেও, একই আসনের জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যান। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তার সেই আবেদন গ্রহণ করে আপিল বিভাগ।
তখনকার আদেশেই বলে দেওয়া হয়েছিল, ভোটে আসলাম চৌধুরী জিতলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ আটকে থাকবে।
এরপর আনোয়ার সিদ্দিকী ৩১ মার্চ পৃথকভাবে আরেকটি আপিল দায়ের করেন, আর ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। সবশেষে আজকের রায়ে চূড়ান্তভাবে বাতিল হলো আসলাম চৌধুরীর প্রার্থিতা।
