বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

একসঙ্গে ব্যবসায় যাত্রা, একসঙ্গেই ৫ জনের জানাজা

Icon প্রথম সমাচার ডেস্ক

ব্যবসায়িক কাজে যাওয়ার পথে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার ডুবিসায়বর কাজীরহাট বাজার মাঠে তাঁদের জানাজা হয়। এতে নিহতদের আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

নিহত পাঁচ ব্যবসায়ী হলেন, জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জুয়েল মাদবর (৪০), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার সালাল মোল্যা (৪৫), ডুবিসায়বর কাজীরহাট এলাকার সোহাগ শিকদার (৩০), কাজীরহাট এলাকার সামাদ ফকির (৬৫) এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার শাহিন ব্যাপারী (৩০)।

তাঁরা দীর্ঘদিন ধরে জাজিরার কাজীরহাট ও আশপাশের এলাকায় ব্যবসা করতেন। মৌসুমের শুরুতে ভুট্টা, পেঁয়াজ, রসুন, হলুদ, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য কিনতে রাজশাহীর তাহেরপুরে যাচ্ছিলেন তাঁরা।

মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজনই শরীয়তপুরের জাজিরা উপজেলার ব্যবসায়ী। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ডুবিসায়বর-কাজীরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোকলেছুর রহমান বলেন, ‘আমাদের এই বাজারে এমন শোকের ঘটনা এই প্রথম। এগুলো মেনে নেওয়া অনেক কষ্টের। আমরা কখনোই ভাবিনি, এভাবে আমাদের পাঁচজন ভাইয়ের জানাজা একসঙ্গে পড়তে হবে।’

বাজারের ইজারাদার ও উপজেলা বিএনপির সদস্যসচিব টিটু আকন বলেন, ‘বাজার কমিটি ও আমার পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে থাকব। আল্লাহ যেন পরিবারগুলোকে শোক সইবার শক্তি দেন। মানুষগুলোর সঙ্গে বহু বছরের পরিচয়। সবাই এভাবে একসঙ্গে চলে যাবেন, তা কল্পনাও করতে পারিনি।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com