দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রমনা কালী মন্দির পরিদর্শন করে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল। পরে সন্ধ্যা ৭টায় তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান।
পরিদর্শনকালে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের বসবাস। সংবিধান সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
আবু হানিফ বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা নির্বাচনে কোনো উগ্র গোষ্ঠী বা সাম্প্রদায়িক দলকে ভোট দেননি উল্লেখ করে তিনি তাদের ধন্যবাদ জানান। তার ভাষ্য-কোনো উগ্র গোষ্ঠী ক্ষমতায় এলে অন্য ধর্মের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আগের সময়ের তুলনায় বেশি নিরাপত্তা নিশ্চিত করেছে।
এ সময় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান ও নীলা শেখ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ধর্ম বিষয়ক সহসম্পাদক ইব্রাহিম মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক রশীদ আহমেদ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক বনি ইয়ামিন সিফাত এবং ঢাকা জেলা দক্ষিণের সভাপতি অর্নব কুমারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী
টেকনাফে ছাত্রদল নেতার বড় ভাইকে তুলে নিল ডাকাতদল, আতঙ্কে এলাকাবাসী
বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, তারা বিরিয়ানি খায়: জামায়াত