ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে আজ মঙ্গলবার ঢাকায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব কতটা এগিয়ে নেয়া হবে, এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনো চলমান উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তিনি। তবে আলোচনায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে ফ্রান্স।
তিনি বলেন, আমি লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর জোর দিচ্ছি এবং বর্তমান সরকারের কাছেও আমরা এই বার্তাই দিচ্ছি। কেননা, আমরা মনে করি এটি অত্যাবশ্যকীয়। আমি মনে করি, এটি বর্তমান সরকারের জন্য ভালো পরীক্ষা এবং এই সরকার ও বিমানের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে।
রাষ্ট্রদূতের ভাষ্য, এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনা শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়। এর মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ‘১০টি উড়োজাহাজ খুব বড় চুক্তি নয়। কিন্তু আমাদের কাছে এটি এর চেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যেতে বাংলাদেশ আলোচনায় যুক্ত হতে চায়, এটি খুবই গুরুত্বপূর্ণ।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনার আলোচনা আওয়ামী লীগ সরকারের সময় থেকেই চলছিল। তখন বোয়িং ও এয়ারবাসের মধ্যে কোন প্রতিষ্ঠান থেকে উড়োজাহাজ কেনা হবে, তা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে নেয়ার কথা জানিয়েছিলেন তৎকালীন বিমানমন্ত্রী মাহবুব আলী।

নেই টেলিফোন সংযোগ, ভুয়া বিল-ভাউচারে অর্থ উত্তোলনের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে