তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর গাউন পরে হাজির হয়ে বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলা কোনো “বুলডোজার রাজ্য” নয়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর টিএমসি কর্মীদের উপর হামলা ও দলীয় কার্যালয়ে আক্রমণের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি প্রথমবারের মতো হাইকোর্টে উপস্থিত হন এবং আদালতের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
আদালতে মমতা জানান, রাজ্যে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, প্রায় দেড়শোটিরও বেশি টিএমসি কার্যালয় ভাঙচুর হয়েছে এবং প্রায় দুই হাজার সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ছয়জনই হিন্দু, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করছে এবং অল্পবয়সী মেয়েদেরও হুমকি দেওয়া হচ্ছে।
এলএলবি ডিগ্রিধারী মমতার আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এটিকে “ভণ্ডামি” বলে আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, ২০২১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৫৬ জন বিজেপি কর্মী নিহত হলে তখন মমতা কোথায় ছিলেন।
অন্যদিকে, বার কাউন্সিল অব ইন্ডিয়া মমতার এই উপস্থিতি নজরে নিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তাঁর নথিভুক্তি ও অনুশীলনের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। শুনানি শেষে আদালত অন্তর্বর্তী আদেশ সংরক্ষিত রেখেছে।
সূত্র: টয় ইন্ডিয়া
