শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

কিশোরগঞ্জ-হবিগঞ্জকে নিয়ে নতুন ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি বিএনপি নেতার

Icon প্রথম সমাচার ডেস্ক

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ নামে একটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের জোরালো দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। প্রস্তাবিত এই বিভাগে ব্রাহ্মণবাড়িয়াকে সদর দপ্তর করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব উত্থাপনকারী কবীর আহমেদ ভূঁইয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীর বড় ভাই। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। তিন জেলার প্রায় ৮৯ লাখ মানুষের প্রশাসনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনাকে বেগবান করতে এই উদ্যোগ অত্যন্ত যৌক্তিক বলে তিনি মনে করেন।

প্রস্তাবিত বিভাগের রূপরেখা ও যৌক্তিকতা তুলে ধরে তিনি জানান, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলার মোট ৩১টি উপজেলা নিয়ে বিভাগটি গঠিত হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, কিশোরগঞ্জে ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬ জন, হবিগঞ্জে ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জনসহ মোট জনসংখ্যা দাঁড়ায় ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। কিশোরগঞ্জের হাওর অঞ্চল, কৃষি ও মৎস্যসম্পদ; হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল; এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দরকে সুসমন্বিতভাবে কাজে লাগিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক জোন গড়ে তোলা সম্ভব।

নতুন বিভাগ গঠিত হলে এই অঞ্চলের সাধারণ মানুষের বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং উন্নত স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতির পথ উন্মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এই প্রক্রিয়ায় প্রতিটি জেলার সমান মর্যাদা ও সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপরও তিনি জোর দিয়েছেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com