ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে কবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে জানাজা আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে একটি বৃহৎ পরিসরের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এতে দেশজুড়ে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই হামলায় তার ছেলে ও উত্তরসূরি মুজতাবা খামেনিও আহত হন বলে জানানো হয়।
যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে খামেনির পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা একাধিকবার পিছিয়ে যায়। এপ্রিল মাসে তার স্মরণে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক রাষ্ট্রীয় জানাজা আয়োজন করা সম্ভব হয়নি।
এদিকে, এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার স্থায়ী সমাধান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
