মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নবীনবরণ-গ্র্যাজুয়েট বিদায়ে মুখর বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশনের আয়োজন

প্রথম সমাচার ডেস্ক ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যা পরিবেশন করেন সাইদ হোসেন। এরপর গীতা পাঠ করেন রাজেশ পাল। সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নুসরাত জাহান ও আসিফ আফ্রিদী। উদ্বোধনী বক্তব্যে বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ড. জহুরুল আলম, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহিমউদ্দীন, সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রাজপতি দাস এবং ফিজিক্যাল স্টাডিজ অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক আ.হ.ম. নোমান।

এছাড়া উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জালাল আহমদ, বাঁশখালী জলদি আধুনিক হাসপাতালের পরিচালক এস. এম. শৌয়াবুর রহমান এবং মাস্টারদা সূর্যসেন হলের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ইমন সৈয়দ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর স্থায়ী পর্ষদ সদস্য ও সাউথ এশিয়ান কলেজের প্রভাষক নেজাম উদ্দিন, প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল সিদ্দিকী এবং সাবেক শিক্ষার্থী মিশকাতুর রহমানসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বাঁশখালীর সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাঁশখালীর অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে এসোসিয়েশনের সভাপতি মো. রায়হান চৌধুরী উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাঁশখালীর শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী দিনে আরও সুন্দর ও অর্থবহ আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও উদ্যোক্তা জাহেদুল ইসলাম জিকু, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে। নবীনদের বরণ, প্রবীণদের বিদায় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...