প্রথম সমাচার ডেস্ক:
খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এক দিনের ব্যবধানে জলিল আকন নামের এক ব্যক্তির বাড়িতে ফের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ওই বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে প্রধান ফটক (গেট) কুপিয়ে চলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে কয়েকজন দুর্বৃত্ত জলিল আকনের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির গেট কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে লবণচরা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) সমীরণ কুমার বৈদ্য জানান, গত মঙ্গলবার সন্ধ্যায়ও একদল দুর্বৃত্ত জলিলের বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলে। কিন্তু তিনি দরজা না খোলায় দুর্বৃত্তরা বাড়ির গেট কুপিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায় আবারও একই কায়দায় ওই বাড়িতে হামলা চালানো হয়। তবে হামলার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় এলাকার কেউ মুখ খুলতে চাচ্ছেন না। স্থানীয়রা তথ্য না দিলে সন্ত্রাসীদের আটক করা কঠিন হয়ে পড়ে। সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন

প্রস্তুত শোলাকিয়া, থাকছে চারস্তরের নিরাপত্তা