প্রথম সমাচার ডেস্ক:
লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র আবু তাহেরের ছেলে ছাতলীগ নেতা আফতাব উদ্দিন বিপ্লবের একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা এবং গেরিলা বাহিনী গড়ে তোলার কথা বলতে শোনা যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের ওই কল রেকর্ডিং প্রতিবেদকের হাতে আসে। এতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে তার কথোপকথন শোনা যায়।
তবে রেকর্ডিংটি তার কণ্ঠের হলেও এটি প্রকৃত কথোপকথন, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিশ্চিত হওয়া যায়নি। বিপ্লবের দাবি, রেকর্ডিংটি এআই দিয়ে তৈরি।
রেকর্ডিংয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।’
কথোপকথনে আরও বলতে শোনা যায়, হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার সময় ঘরে কোরআন শরিফ, জায়নামাজ ও টুপি আছে কি না, তা দেখে নিতে হবে। নারী, শিশু ও বয়স্করা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে কথাও বলেন তিনি। পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কয়েকজনকে হত্যার কথা উল্লেখ করেন।
রেকর্ডিংয়ের অন্য অংশে বিপ্লবকে নিজের রাজনৈতিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, যুবলীগের জেলা সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার ভাই একেএম সালাহ উদ্দিন টিপুর পাশে থেকে রাজনীতিতে সক্রিয় হতে চান। এ জন্য দুই-তিনটি ইউনিয়ন থেকে লোকজন জড়ো করে মুখ বেঁধে একটি জায়গায় মিছিলের মতো করে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।
কথোপকথনের শেষ দিকে আবারও কয়েকজন ‘গেরিলা’ প্রস্তুত রাখার কথা বলেন বিপ্লব। সময় অনুকূলে এলে সংকেত দিয়ে বিএনপি-জামায়াতের ৮-১০ জনকে হত্যার কথা বলতে শোনা যায় তাকে। এ বিষয়ে কাউকে না জানানোর কথাও বলেন তিনি।
আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরের বড় ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর ছোট ভাই।
রেকর্ডিংয়ের বিষয়ে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, রেকর্ডিংটি তারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। তার পরিবারের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত এ হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।
বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তার বাবা আবু তাহের। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার সাজা মওকুফ করেন। পরের বছর আরও দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। পরবর্তী সময়ে ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় ফিরোজ হত্যা মামলা থেকেও তার নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
এদিকে ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অন্য আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থী হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলাগুলোর অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে। ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তার দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছেন।
সূত্র: মূল প্রতিবেদন

সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের বাড়িতে আ. লীগের হামলার নিন্দা জানালেন ৬৭ বিশিষ্ট নাগরিক