শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) হামলাটি চালানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাথমিক হিসাবে হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সানাম শহর নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। প্রায়ই এসব গোষ্ঠী নিরাপত্তা বাহিনী ও সামরিক স্থাপনায় হামলা চালায়।

তবে সর্বশেষ হামলার পেছনে কোন সশস্ত্র গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

সানামের হামলার মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন।

ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পরপর দুটি প্রাণঘাতী হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলা করা নাইজারের নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com