বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জুবায়ের বলেন, যারা গোলাম পরওয়ারকে জড়িয়ে এমন তথ্য প্রকাশ করেছেন এবং তা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে জুবায়ের আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের কর্তব্য। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
প্রধানমন্ত্রী বললেন, ‘তুমি আবার যাবা আমার সঙ্গে’: আমজনতার তারেক