রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Logo
×

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon প্রথম সমাচার ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের উদ্যোগে এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস লিমিটেড, চট্টগ্রামের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম।

অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বলেন, আয়োজনটির মূল প্রতিপাদ্য ‘সচেতনতা থেকে সুস্থতা’। নারীর স্বাস্থ্যকে গাইনোকোলজি, ডার্মাটোলজি ও মেডিসিন—এই তিনটি দিক থেকে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে। লজ্জা বা ভয়ের কারণে জরায়ু, ওভারি কিংবা ঋতুস্রাবজনিত সমস্যা গোপন না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান বলেন, শিক্ষার্থীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে আবাসিক হলগুলোতে মেডিসিন ও জরুরি প্রাথমিক সেবা কর্নার চালু করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, আবাসিক শিক্ষার্থীরা আবাসন, খাবার ও পানিসহ বিভিন্ন সমস্যায় ভোগেন। এসব কারণে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, শিক্ষার্থীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আরও কয়েকটি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রক্রিয়া চলছে। তিনি জানান, চাকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য মেনস্ট্রুয়াল হাইজিন সামগ্রী সহজলভ্য করা, মেডিকেলে নতুন অপারেশন থিয়েটার স্থাপন ও জলাতঙ্কের টিকার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে অ্যাম্বুলেন্স আনা ও মেডিকেল সেন্টারের সংস্কারের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে তারা কাজ করছেন। লাইব্রেরির সময় বাড়ানো, নিরাপদ শাটল ও সার্কুলার বাস চালুসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চিকিৎসকদেরও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান, নারী শিক্ষার্থীদের আবাসন সংকট কমাতে শিগগিরই একটি ১০ তলা ছাত্রীনিবাস তৈরির উদ্যোগ রয়েছে।

তিনি শিক্ষার্থীদের সুস্থ থাকা ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com