প্রথম সমাচার ডেস্ক:
বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ ও তার পরিবারের পৈতৃক সম্পত্তির প্রায় ৪৩৩ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে। সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকার মধ্যেই জমি দখল, বাগানের ফলমূল লুট, লিজগ্রহীতাকে মারধর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন জুয়েল আইচ ও তার পরিবারের সদস্যরা।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি মৌজায় রয়েছে জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস ও পেশাগত ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতে নিয়মিত থাকতে না পারার সুযোগে একটি প্রভাবশালী চক্র তাদের সম্পত্তি দখল করে নিয়েছে।
ভুক্তভোগী পরিবার ও ভূমি অফিসের হালনাগাদ ভূমি উন্নয়ন করের দাখিল সূত্রে জানা গেছে, সমুদয়কাঠি মৌজার (জে.এল. নম্বর-৬৫) বিভিন্ন খতিয়ানে জুয়েল আইচ, টুটুল আইচ, মিঠুন আইচ, আরতী আইচ ও শংকু আইচের নামে মোট ৪৩৩.৫০ শতাংশ জমি রয়েছে। বি.এস. ৯৫৪, ৯৫৫, ৯৫৬, ১০১৬ এবং ৮৮৪ নম্বর খতিয়ানের আওতাভুক্ত এসব জমির নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হচ্ছে বলেও দাবি করেছে পরিবার।
পরিবারের সদস্যরা জানান, তারা প্রতিবছর স্থানীয় কৃষকদের নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিগুলো ইজারা দিয়ে আসতেন। ২০২২ সালে ইজারার অর্থ নিয়ে আগের ইজারাগ্রহীতাদের সঙ্গে বনিবনা না হওয়ায় অন্য ব্যক্তিদের কাছে জমি ইজারা দেওয়া হয়। এরপর টিটু আইচ ও মৃণাল আইচের লোকজন নতুন ইজারাগ্রহীতাদের মারধর করে জমি থেকে তাড়িয়ে দেন এবং সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃণাল আইচ বি.এস. ৮৮৪ নম্বর খতিয়ানের ৩৫৫ নম্বর দাগের প্রায় ১১৩ শতাংশ বসতভিটা ও কৃষিজমি দখলে রেখেছেন। অন্যদিকে টিটু আইচের লোকজনের বিরুদ্ধে অবশিষ্ট ৩২০.৫০ শতাংশ জমি ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে আদালতে স্থিতাবস্থার নির্দেশনা (স্ট্যাটাস কো) থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমির ওপর অবৈধ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সম্প্রতি টিটু আইচের নেতৃত্বে আবুল বাশার হাওলাদারসহ কয়েকজন তাদের বাগানের সুপারি ও নারকেল পেড়ে নিয়ে যান। এতে বাধা দিলে আবুল বাশারের স্ত্রী, ছেলে এবং অজ্ঞাতপরিচয় ৮-১০ জন তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে, জমির ইজারাগ্রহীতা মো. ইমরান খন্দকার বাগানে সুপারি পাড়তে গেলে টিটু আইচ ও আবুল বাশার হাওলাদারসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় ইমরানের ডান হাতের কনুই ভেঙে যায়। এ সময় তার কাছ থেকে ১৯,৪০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ইমরান খন্দকার বাদী হয়ে গত ২ নভেম্বর নেছারাবাদ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
মেয়ের বিয়ের দিনে জামাইয়ের হাতে শ্বশুর খুন
মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের