প্রথম সমাচার ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন ধ্বংস ও পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক বিকল করা হয়। পাশাপাশি বালু তোলার পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম বিনষ্ট করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে যুক্ত ছিল গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় ও জুমপাড় এলাকায় পরিবেশ ধ্বংস করে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সেখানে অভিযানে নামে প্রশাসন। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে জাফলংয়ের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সূত্র: মূল প্রতিবেদন

আশুরা উপলক্ষে মোহাম্মদপুরের শিয়া মসজিদ কমপ্লেক্সে এনসিপি নেতাদের শুভেচ্ছা বিনিময়