শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: ত্রাণমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্টসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

শুক্রবার (৯ অক্টোবর) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসাদুল হাবীব দুলু বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার সংসদীয় কমিটি গঠন করেছে, যেখানে বিরোধী পক্ষের প্রতিনিধিরাও রয়েছেন। আলোচনার মধ্য দিয়েই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। সে সময় নোট অব ডিসেন্টের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছিল, যে দল সরকার গঠন করবে, তারা এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাই নোট অব ডিসেন্টসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, রংপুর সিটি করপোরেশনে সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। সরকার দেশের সব অঞ্চলকে বৈষম্যমুক্ত রাখতে চায়। রংপুর খাদ্যসমৃদ্ধ এলাকা। এখানে জমি ও শ্রমের মূল্য তুলনামূলক কম। ফলে শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে বেকারত্বের সমস্যা সমাধান করা সম্ভব হবে।

শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ বুক পেতে স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে গুরুত্বপূর্ণ মোড়ে নিয়ে যায়। এ কারণে রংপুরের মানুষ আবু সাঈদকে নিয়ে গর্ববোধ করে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। দায়িত্ব গ্রহণের পর শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আবু সাঈদ গেট নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীসহ দেশবাসী তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবেন এবং তাঁকে স্মরণ করবেন। জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের আত্মত্যাগের প্রতিদান হিসেবে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবীব দুলু বলেন, তিনি তিস্তা নিয়ে বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এ মহাপরিকল্পনা নিয়ে এখন নানা আলোচনা হচ্ছে। তবে এ ধরনের বড় প্রকল্প এক দিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর জন্য জরিপ, নকশা প্রণয়নসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এরপর ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হয়। ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদকবিরোধী কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ ও যুবসমাজের একটি অংশ এতে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে গিয়ে সরাসরি এ কার্যক্রম দেখবেন। প্রধানমন্ত্রী এ মডেল সারাদেশে চালু করতে চান।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তিনি। রংপুরেও মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনি পদক্ষেপের পাশাপাশি সমাজের সব মানুষ ঐক্যবদ্ধভাবে অপরাধের বিরুদ্ধে দাঁড়ালে মাদক নির্মূল করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং জেলা প্রশাসক ইসরাত জাহানসহ অন্যরা।

এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শহীদ আবু সাঈদ গেট নির্মাণ করা হচ্ছে। ২০২৭ সালের ৩১ আগস্ট নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com