ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এ সংক্রান্ত একটি ‘যুদ্ধক্ষমতা প্রস্তাব’ সিনেটে অগ্রসর হয়েছে, যেখানে বলা হয়েছে—কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে পারবেন না।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের নির্বাহী ক্ষমতার ওপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক চাপ তৈরি করেছে। একই সঙ্গে এটি কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
মার্কিন সিনেটে এ ধরনের প্রস্তাবের পক্ষে এটিই প্রথম আনুষ্ঠানিক ভোট। তবে প্রস্তাবটি এখনো আইনে পরিণত হয়নি। কার্যকর হতে হলে এটি প্রতিনিধি পরিষদে অনুমোদনসহ আরও কয়েকটি সাংবিধানিক ও আইনগত ধাপ অতিক্রম করতে হবে।
সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি সম্পৃক্ততার আশঙ্কার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কংগ্রেসের একাংশ মনে করছে, যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা কেবল আইনপ্রণেতাদের হাতেই থাকা উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে হোয়াইট হাউসের একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করতেই সিনেট এই বার্তা দিতে চাচ্ছে।
সূত্র: আল জাজিরা।
