শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ডিআইজির কক্ষে কালনাগিনী, সাড়ে তিন ঘণ্টার অভিযানে উদ্ধার

প্রথম সমাচার ডেস্ক ০৮ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানের পর ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্যরা।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাওয়া যায় যে নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের একটি কক্ষে কয়েকটি সাপ ঢুকেছে। খবর পেয়ে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়।

তিনি বলেন, প্রথমে কক্ষের ছাদের পার্টিশন খুলে তল্লাশি চালানো হলেও সেখানে সাপের সন্ধান মেলেনি। পরে দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকারী দলের দাবি, উদ্ধার হওয়া সাপ দুটি মৃদু বিষধর প্রজাতির হলেও মানুষের জন্য প্রাণঘাতী নয়। উদ্ধার শেষে সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানান, উদ্ধার হওয়া সাপ দুটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরে সোমবার সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এদিকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের আশপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকে সাপ দুটি ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...