ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) বিকালে হলের একটি ক্যান্টিন থেকে তাকে আটক করা হয়। পরে মারধরের শিকার অর্ক সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকালে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, ছাত্রলীগের পদধারী কারো নামেই হলে এখন কোনো আসন বরাদ্দ নেই। তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে। অর্ক সাহা মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে। রোববার তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।
তিনি আরও বলেন, হলে এ ধরনের অন্য কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে হল প্রশাসন। অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।
ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাকে দেখতে পেয়ে তারা আটক করেন। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করবেন চবি শিক্ষক শহীদুল হক
ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল