বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

নাটোরের দুই মহাসড়ক যেন মরণফাঁদ, ছয় মাসে ৭০ প্রাণহানি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মরণফাঁদে পরিণত হয়েছে নাটোর-পাবনা এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক। এই মহাসড়ক দুটিতেই প্রায় প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি স্থায়ীভাবে পঙ্গু হচ্ছেন অনেকেই। হাইওয়ে পুলিশের তথ্যমতে, গত ছয় মাসে এই দুই মহাসড়কে দুর্ঘটনায় শুধু নিহতের সংখ্যাই ৭০ জন, আর আহতের সংখ্যা অগণিত।

সর্বশেষ চলতি বছরের ২০ অক্টোবর নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ১২ জন এবং আহত হন অন্তত ৩২ জন। দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন দাখিল করা হলেও সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে। দুর্ঘটনা রোধে দ্রুত প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি মহাসড়ক দুটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে নাটোর-পাবনা এবং নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অন্যতম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহনসহ সোনামসজিদ স্থলবন্দরের মালামাল পরিবহনের যানবাহন এই পথ দিয়েই চলাচল করে। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় এই মহাসড়ক দুটিকে দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তিও বলা যায়। তবে মাত্রাতিরিক্ত দুর্ঘটনার কারণে এই পথ যাতায়াতের চেয়ে চলাচলকারীদের কাছে ভয়াবহ ‘মরণফাঁদ’ হিসেবেই বেশি পরিচিত।

সংশ্লিষ্টরা জানান, মহাসড়ক দুটিতে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ছুটে চলে বেপরোয়া গতিতে ও অসতর্কভাবে। নির্ধারিত গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার হলেও বেশিরভাগ গাড়ি চলে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। এর পাশাপাশি মহাসড়ক দাপিয়ে বেড়ায় নছিমন, করিমন, ভুটভুটিসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন। এছাড়া ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঁকের কারণেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে দেশের ব্যস্ততম ও দুর্ঘটনাপ্রবণ পথের তালিকায় যুক্ত হয়েছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এবং মহাসড়ক দুটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন বাস-ট্রাক চালক ও যাত্রীরা। তবে এসব দাবি পূরণ বা সমস্যা সমাধানে এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

এই মহাসড়কে চলাচলকারী নাহিদ হাসান, সাইফুল ইসলাম, টুটুল ইসলাম ও মিঠু জানান, মহাসড়কে কাগজপত্র ও ফিটনেসবিহীন অবৈধ গাড়ি চলাচল করে। পুলিশ ধরলেও তারা যেকোনোভাবে ‘ম্যানেজ’ করে চলে যায়। এতে মহাসড়কে দুর্ঘটনায় অনেকের প্রাণ যাচ্ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা বলেন, কোনো দুর্ঘটনা ঘটার পর প্রশাসনকে বলতে শোনা যায় গাড়িটির ফিটনেস ছিল না বা সেটি মহাসড়কে চলাচলের উপযোগী নয়। কিন্তু আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হয় না এ প্রশ্ন তাদের।

তাদের মতে, মহাসড়কের বেশিরভাগ দুর্ঘটনা ঘটে টার্নিং পয়েন্টগুলোতে। অনেক চালক জানেন না কোথায় কত গতিতে গাড়ি চালাতে হবে; নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনার জন্য চালকদের অসতর্কতা ও বেপরোয়া মনোভাবকেই দায়ী করেন তারা। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন ও ভুটভুটির মতো ছোট যানবাহন চলাচলের কারণেও ছোট-বড় দুর্ঘটনা ঘটে। পাশাপাশি মাটি বহনকারী স্টিয়ারিংযুক্ত যানবাহন বিশেষ করে বর্ষাকালে মহাসড়কে মাটি ফেলে রাখে। সেই মাটির ওপর দিয়ে দ্রুতগতির গাড়ি চলতে গিয়ে স্লিপ কেটে দুর্ঘটনা ঘটে। একটি ছোট গাড়িকে ওভারটেক করার পর সামনে আরেকটি ছোট গাড়ি পড়লে চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেন না বলেও জানান তারা। এ ছাড়া নাটোর-পাবনা মহাসড়কের অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক এবং অনেক ক্ষেত্রে হেল্পারের হাতে গাড়ি ছেড়ে দেওয়ার মতো অপরিপক্কতাও দুর্ঘটনার বড় কারণ। তাদের দাবি, অবৈধ যানবাহন বন্ধ করা, নাটোর-পাবনা মহাসড়কে ফিডার রোড নির্মাণ এবং বনপাড়া-হাটিকুমরুল ও নাটোর-পাবনা মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করা হোক।

অন্যদিকে মাহতাব আলী, অমর ডি কস্তা, সৈয়দ হোসেন ও কায়েম আলীসহ স্থানীয় বাসিন্দারা জানান, দূরপাল্লার অনেক গাড়িতে বিকল্প বা অতিরিক্ত চালক রাখা হয় না। ফলে চালকরা ক্লান্ত বা অসুস্থ হয়ে পড়লে অনেক সময় সুপারভাইজার কিংবা হেল্পার দিয়ে গাড়ি চালানো হয়। বিশেষ করে বরিশাল থেকে রংপুর বা দিনাজপুরের মতো ৪০০-৫০০ কিলোমিটার দীর্ঘ পথে একাই গাড়ি চালাতে গিয়ে চালকের অসুস্থতা বা ক্লান্তি থেকে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পরপরই গাড়িটিকে ‘ফিটনেসবিহীন’ বলে প্রশাসনের দায় সারার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তারা। বনপাড়া-হাটিকুমরুল অংশে ফিডার রোড থাকলেও নাটোর-পাবনা মহাসড়কে তা না থাকায় জরুরি ভিত্তিতে ফিডার রোড নির্মাণ, অবৈধ যানবাহন বন্ধ এবং মহাসড়ক দুটি চার লেনে উন্নীত করার দাবি জানান স্থানীয়রা।

এদিকে বাসচালক আফজাল হোসেন ও স্বাধীন স্বীকার করে বলেন, অনেক সময় চালকদের সামান্য ভুল ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে। চালকরা সচেতন হয়ে নিয়ম মেনে ধীরে-সুস্থে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটাই কমত বলে মনে করেন তারা। তবে সড়কের বেহাল দশার কথাও তুলে ধরেন এই চালকরা। তাদের ভাষ্যমতে, রাস্তা ভাঙা ও উঁচু-নিচু হওয়ায় বগুড়া থেকে রাজশাহীসহ সংশ্লিষ্ট পথে যাতায়াতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে এবং ঠিকমতো গাড়ি মেইনটেইন করা কঠিন হয়ে পড়ে। ভাঙাচোরা রাস্তায় গাড়ির স্প্রিং ভেঙে গিয়ে উল্টে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে।

টিআইবির সচেতন নাগরিক কমিটি নাটোর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক জানান, সারাদেশের মধ্যে প্রায়ই দেখা যায় নাটোরের বনপাড়ায় সব চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এর ফলে অনেক লোক মারা যায়, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করে। এর কারণ হিসেবে তিনি বলেন, ফিটনেস বিহীন যানবাহন নিয়মিতভাবে সড়কে চলাচল করে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তার তদারকি করার কোন পদক্ষেপ দেখা যায়না। এই রাস্তা সিঙ্গেল হয়ে আছে তা ফোর লেন না হওয়া এই দূর্ঘটনা ঘটার একটি বড় কারণ। তিনি অত্যন্ত দ্রুততার সাথে যাতে ফোর লেন হয় তার ব্যবস্থা করবেন। এ ছাড়া যেখানে রোড ডিভাইডারে চিহ্ন দেওয়া বা ট্রাফিক ব্যবস্থা করা প্রয়োজন। যখন কোন দুর্ঘটনা ঘটে তখন প্রশাসনের কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হন। কিন্তু এর পরে তাদের এই রাস্তা প্রশস্তকরণ, বা ট্রাফিকিং ব্যবস্থার উন্নতি করা বা ট্রফিক নিয়েগের জন্য কোন পদক্ষেপ তারা নেন না। এ ব্যাপারে প্রশাসন সুদৃষ্টি দেবেন এমনটাই আশা করেন তিনি।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মহাসড়কে যেন কোন ধরনের লছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ কাজ করছে। এছাড়াও গাড়ির ও চালকের বৈধ কাগজপত্র চেক করা হয়। হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করছে। কিন্তু সড়কে যানবাহন অনেক বেশী কিন্তু সড়ক সেই হিসেবে প্রসস্ত নয়। এজন্য বেশীরভাগ দুর্ঘনা ঘটে। শুধুমাত্র বনপাড়া হইওয়ে থানার সীমানায় চলতি বছর ৪০ জন নিহত এবং প্রায় শতাধীক মানুষ আহত হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, সড়ক বিভাগের আওয়ায় ১১০ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। এই সকল মহাসড়কে যেন কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন সাইন সিগন্যাল দেওয়া রয়েছে। কোথায় কত কিলোমিটার স্পিডে গাড়ি চালানো যাবে বা যাবে না, কোথায় ওভারটেকিং করা যাবে না। হঠাৎ করে কোনো কম গতির যানবাহন যেন রাস্তায় প্রবেশ করা যাবে না। এই সকল নির্দেশনা দেওয়া রয়েছে। কিন্তু চালকরা সেই নির্দেশনা মানে না। এর ফলেই প্রায়ই দুর্ঘটনাগুলো ঘটে থাকে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com