প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতেও দেখা গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সকাল থেকেই অনেক শিক্ষার্থীকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন কয়েকজন পরীক্ষার্থী।
নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার নেতা ফেমাস রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের গাড়ি দেখলে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের গাড়ি আটকানো হচ্ছে না। বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন, সে সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি দেখা দিয়েছে। পাশাপাশি লকডাউনের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
এদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে অবরোধ, আগুন জ্বালানো ও যান চলাচল বন্ধের চিত্র দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো দৃশ্যমান পদক্ষেপও দেখা যায়নি।
সূত্র: মূল প্রতিবেদন

১৬ ডিসেম্বরের মধ্যে হত্যার হুমকি, ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে কাফনের কাপড়