প্রথম সমাচার ডেস্ক:
চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে চলমান দুটি মামলার বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভাঙচুরের মামলায় সম্প্রতি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মাদক মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন পরী মণি। তবে সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে সিএমএম আদালতে পরীমণির হাজিরা সম্পন্ন হয়। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরী মণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান এই অভিনেত্রী।
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার অন্য দুই আসামি হলেন তাঁর ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হোসেন। ২০২২ সালের ৫ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল। পরে মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন।
তবে অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরী মণি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনার পর মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়টি সামনে আসে।
অন্যদিকে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরী মণি। বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগের দিন মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন মাহমুদ এ মামলাটি করেন। তাঁর অভিযোগ, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরী মণি ও তাঁর সহযোগীদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে মারধর, গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া তাঁর দিকে গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারা এবং ক্লাবে ভাঙচুরের অভিযোগও করেন তিনি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে পরী মণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে মামলার অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়।
উল্লেখ্য, বোট ক্লাবের ওই ঘটনাকে কেন্দ্র করে এর আগে নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন পরী মণি। সেই মামলাতেও আদালতে অনুপস্থিতির কারণে একবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
