বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

আলেম সমাজের ওপর নির্যাতন-নিপীড়ন ভুলবার নয়: ইশরাক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আলেম সমাজের ওপর বিগত ১৭ বছরে চালানো নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ডের কথা ভুলে যাওয়ার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, শাপলাচত্বরের ঘটনা এখনো মানুষ ভুলে যায়নি। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজের ওপর বর্বর নির্যাতন ও গুলি চালানোর ঘটনাও ভুলার নয়।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসার ২০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে আলেম সমাজকে যেভাবে অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। শাপলাচত্বরের ঘটনা এখনো ভুলে যাওয়ার মতো নয়। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজ যে ভূমিকা রেখেছিল, সে সময় তাদের ওপর বর্বর অত্যাচার ও গুলি চালানো হয়েছিল।

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে যারাই ধর্মকে নিয়ে আপনাদের নিয়ে রাজনীতি করেছে, এটা অত্যন্ত ঘৃণিত ও জঘন্যতম অপরাধ করেছে।’

ফরিদাবাদ মাদ্রাসা এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আলেম-ওলামাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ইশরাক বলেন, ‘আপনারা আমাকে নির্বাচন করে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, একজন মুসলমানের সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, সেটা আমি সবসময় আলেম-ওলামা ও আমাদের মুরুব্বিদের পরামর্শ নিয়ে পালন করব।’

তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। যাতে প্রতিবেশী কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে কিংবা দেশকে দাস রাষ্ট্রে পরিণত করতে না পারে।

এ সময় নিজের বাবার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান ইশরাক হোসেন। মহান আল্লাহ তাআলা যেন তার বাবার ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com