প্রথম সমাচার ডেস্ক:
সরকার সিন্ধ প্রদেশকে বিভক্ত করা বা নতুন প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাব বাস্তবায়নে এগোলে প্রদেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন সিন্ধের জাতীয়তাবাদী দলগুলোর নেতারা। এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
রোববার (২৩ নভেম্বর) করাচিতে জিয়ায়ে সিন্ধ রহবার কমিটির আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশটি দ্রিগ রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে মেট্রোপোলে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা সিন্ধের বিদ্যমান সীমানায় যেকোনো পরিবর্তনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী নেতা ড. নিয়াজ কালানি ও রিয়াজ চান্দিও। এ ছাড়া আইনজীবীদের প্রতিনিধিদের মধ্যে আমির নওয়াজ ওয়ারাইচ, হাশিব জামালি ও কে বি লাগহারিও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সিন্ধের ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে কোনো আপস করা হবে না। প্রদেশটির ভৌগোলিক বা প্রশাসনিক অবস্থান নিয়ে যেকোনো সিদ্ধান্ত অবশ্যই সেখানকার মানুষের ইচ্ছার প্রতিফলন হতে হবে।
তাঁদের যুক্তি, সিন্ধের পরিচয় এর ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। একে কেবল প্রশাসনিক সুবিধা-অসুবিধার বিষয় হিসেবে বিবেচনা করা যায় না।
নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবেরও বিরোধিতা করেন নেতারা। তাঁদের অভিযোগ, পূর্বনির্ধারিত কোনো রাজনৈতিক সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ ব্যবহার করা হতে পারে।
রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বা প্রদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, এমন কোনো পদক্ষেপ না নিতে কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা স্পষ্ট করেন, সিন্ধের বিভক্তির বিরোধিতা কোনো জাতিগত বা ভাষাগত জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়।
তাঁরা স্বীকার করেন, সিন্ধের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় গঠনে উর্দুভাষী বাসিন্দা এবং অন্যান্য জাতিগত, ধর্মীয় ও ভাষাগত জনগোষ্ঠীর অবদান রয়েছে। তাঁদের মতে, সব সম্প্রদায়ই এ প্রদেশের অংশ।
জাতীয়তাবাদী নেতারা আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য জাতিগত বিভেদকে কাজে লাগাচ্ছে। শান্তি বজায় রাখতে তাঁরা সংযম প্রদর্শনের আহ্বান জানান।
শাহ আবদুল লতিফ ভিট্টাইয়ের শিক্ষার প্রসঙ্গ টেনে বক্তারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন।
সিন্ধের স্বায়ত্তশাসন ও ভৌগোলিক সীমানা সুরক্ষার প্রচেষ্টায় সমর্থন জানাতে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানায় সমাবেশ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনসম্মতি ছাড়া প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা সাংবিধানিক, আইনগত ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলা করা হবে। এর মধ্যে পুরো প্রদেশজুড়ে বিক্ষোভ কর্মসূচিও থাকবে।
সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
সূত্র: মূল প্রতিবেদন
