সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে একটি অনলাইন গণমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কক্সবাজারের রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। বিষয়টি আলোচনায় আসার পর বুধবার (১১ নভেম্বর) তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে আজীবনের জন্য বহিষ্কার করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’
এর আগে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ (কক্সবাজারের আঞ্চলিক অনলাইন গণমাধ্যম) অফিসটা কোথায়? আমাদের মতো জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’
টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।’
তিনি বলেন, ‘সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোর্শেদুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান জানান, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন। এটি দলের জন্য বিব্রতকর। এর আগেও মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন।
ফাহিমুর রহমান আরও জানান, তিনি অতি উৎসাহী হয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল