রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রীর অনেক ভালো কাজই জনগণের কাছে পৌঁছাচ্ছে না: সোহেল রানা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রধানমন্ত্রীর অনেক ভালো কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তার মতে, সরকারের ভালো কাজ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো মানুষের সামনে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন।

আজ (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন সোহেল রানা। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রমের কথা উল্লেখ করে বিএনপির প্রচারব্যবস্থা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে সরকারের সাফল্য ও সীমাবদ্ধতা- দুই দিকই জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

স্ট্যাটাসে সোহেল রানা লেখেন, দলীয় কর্মকাণ্ড প্রচার এবং নেতিবাচক বিষয়গুলো রাজনৈতিক কৌশলে এড়িয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর একদল কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। তাদের অনেকে ‘বটবাহিনী’ নামে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি। কিছু নারীসহ এই কর্মীদের কেউ কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়েও কাজ করছেন বলে তার দাবি। আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী এবং জাতীয় পার্টির কমিটি থাকলেও বিএনপির ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড প্রচারের তেমন উদ্যোগ তার চোখে পড়ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমকে বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যমগুলোর একটি উল্লেখ করে সোহেল রানা বলেন, এর মাধ্যমে সহজেই সাধারণ মানুষের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরা জরুরি।

উদাহরণ হিসেবে তিনি পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের প্রসঙ্গ টানেন। তার মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব যে বাংলাদেশ সবার দেশ। এসব কর্মসূচির ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে যথাযথভাবে প্রচার করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে না পাওয়া এবং কোথায় খাল খনন হচ্ছে, এসব কার্যক্রমের অগ্রগতি কী-তা নিয়ে পর্যাপ্ত তথ্য না থাকার বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন সোহেল রানা। তার ভাষ্য, এসব কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য বিএনপির কার্যকর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কমিটি থাকা প্রয়োজন।

সোহেল রানার মতে, টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রীর প্রশংসা করা হলেও সরকারের ভালো কাজের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও উদ্যোগী হতে হবে। শুধু প্রশংসা নয়, সরকারের পক্ষে যেসব কাজ করা সম্ভব নয়, সেসব বিষয়ও জনগণকে স্পষ্টভাবে জানানো উচিত। এতে মানুষ বাস্তব পরিস্থিতি বুঝতে পারবে এবং সরকারের কাজের সীমাবদ্ধতা সম্পর্কেও ধারণা পাবে।

এ সমস্যা সমাধানে প্রতিটি উপজেলায় কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে তিন সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এই অভিনেতা। তার মতে, কেন্দ্রের অনুমতি নিয়ে সরকারের ইতিবাচক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যেতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও প্রয়োজনের বিষয়গুলোও সরকারের নজরে আনতে হবে।

তিনি আরও মনে করেন, শুধু টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় বক্তৃতা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। দেশের কল্যাণে কাজ করতে হলে নিজেদেরও সচেতন ও দক্ষ হতে হবে। জনগণের কাছ থেকে পরামর্শ গ্রহণ এবং তাদের সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।

স্ট্যাটাসের শেষাংশে সোহেল রানা বলেন, কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। অপরাধীদের বিচারের আওতায় এনে অন্য সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই স্ট্যাটাসে সরকারের ভালো কাজের প্রচার বাড়ানোর পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং দেশের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সোহেল রানা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com