প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক–এর এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরে জটিল সমস্যার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া দুর্ঘটনার পর আদালতের নির্দেশনায় কারা কর্তৃপক্ষ তাকে পিজি হাসপাতালে এমআরআই করায়। ইতোমধ্যে সেই মেডিকেল রিপোর্ট তাদের হাতে এসেছে।
আইনজীবীর দাবি, প্রতিবেদনে পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে সমস্যার পাশাপাশি ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কে জটিলতা ধরা পড়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর থেকে পলক ঘাড় স্বাভাবিকভাবে নাড়াতে পারছেন না।
তরিকুল ইসলাম আরও বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত শনিবার কারাগারে গিয়ে দেখা করার সময়ও তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেছে বলে জানান তিনি।
এদিকে এমআরআই প্রতিবেদনে গুরুতর সমস্যার বিষয়টি উঠে এলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন পলকের আইনজীবী। তার সুচিকিৎসার দাবিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।
