বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি বাউলসংগীত ছাড়া মানবতাও বাঁচবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
পোস্টে ফজলুর রহমান বলেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না।’
বাউলসংগীতের মূলভাব তুলে ধরে তিনি লেখেন, ‘শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
এর আগে, নিজের নির্বাচনি এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তার দাবি, এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ।
তিনি বলেন, শীত মৌসুমে ওয়াজ মাহফিল, তাফসির বেশি বেশি হবে। কোনো কারণে এসব আয়োজন নিয়ে যাতে উত্তেজনা সৃষ্টি না হয়, ধর্মীয় কোনো অপব্যাখ্যা যাতে না দেওয়া হয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভালোভেবে ভেবেচিন্তে এসব আয়োজনের অনুমোদন দিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
সভায় বক্তব্যের এক পর্যায়ে জি কে গউছ বলেন, ‘আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’
জাতীয় সংসদের হবিগঞ্জ–৩ আসন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ : আসিফ মাহমুদ