শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে: গয়েশ্বর

Icon প্রথম সমাচার ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত সমাবেশে ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। অনেকে স্বজন হারিয়েছেন। অনেক রক্তের বিনিময়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেয়া হয়েছে।

এই জ্যেষ্ঠ রাজনীতিক বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এ সরকার টাকা দিয়ে ভোট কিনে গঠন করা হয়নি।

এ সময় দীর্ঘ আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মূল্যবোধকে সামনে রেখেই বিএনপির যাত্রা শুরু হয়।

তিনি বলেন, নানা ষড়যন্ত্রের কারণে দলের যাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে, এমনকি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। পরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বের শূন্যস্থান পূরণ করে আপসহীন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।

গয়েশ্বর রায় বলেন, রাষ্ট্র ও রাজনীতি থাকলে ষড়যন্ত্রও থাকবে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করার পর এখন ঘরে ফিরে গেছেন- এমন ধারণা থেকে অনেকে সুযোগ নেয়ার চেষ্টা করছেন। এ ধরনের প্রচেষ্টাকে ‘ফলস কল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সাত মাসে পেটের ব্যথা কিন্তু প্রসব বেদনা নয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, শেখ হাসিনা আসবে বলে যারা ‘ফটকাবাজি’ ও ‘ধাপ্পাবাজি’ করছে, তাদের আটকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল ও চলাচলের পথ নিরাপদ রাখার দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com