সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলার সময় অন্তত পাঁচটি কেসি-১৩৫ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়।
চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে মার্কিন নৌবাহিনী চরম বিপর্যয়ে, চীন যেভাবে টেক্কা দিচ্ছে
পরবর্তী আরেকটি হামলায় অন্তত একটি আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার বিমান মাটিতে থাকা অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর জন্য নিরাপত্তার এক জটিল সংকট তৈরি করছে।
যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দেওয়ার ফলে এসব দেশ এমন একটি যুদ্ধে পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারে, যে যুদ্ধ শুরুর বিষয়ে তাদের কোনো সিদ্ধান্তমূলক ভূমিকা ছিল না।
অথচ একই সামরিক ঘাঁটিগুলো আবার আয়োজক দেশগুলোর নিরাপত্তা রক্ষায়ও ভূমিকা রাখে। এসব ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে কিছু আয়োজক দেশকে হামলা থেকে সুরক্ষা দেওয়া হয়।
যুদ্ধের কারণে বিমান চলাচল ও নৌপরিবহন ব্যাহত হয়েছে। এতে এই অঞ্চলের অধিকাংশ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানিও হুমকির মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেছেন, আপাতত ইরানের বিরুদ্ধে আর সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
কিন্তু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি আল-জাজিরাকে বলেন, ‘বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের সুবিধা ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বিচার করার বিষয়টি সব সময়ই ছিল। তবে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে এ বিষয়ে দৃষ্টিভঙ্গি যে বদলাচ্ছে, তা নিশ্চিত। এসব সামরিক স্থাপনার দুর্বলতা এখন আয়োজক সরকারগুলোর কাছে ক্রমেই বড় উদ্বেগের বিষয় হয়ে উঠছে। অথচ তারা নিজেরা কোনো যুদ্ধ চায়নি। কিন্তু যুদ্ধের বিষয়ে প্রকৃত অর্থে কোনো মতামত দেওয়ার সুযোগ না পেয়েই তারা এতে জড়িয়ে পড়েছে।’
ইরাকে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে কী ঘটতে চলেছে?ট্রাম্পের পক্ষে তালেবানের বাগরাম ঘাঁটি ফের দখল করা সম্ভব?
যুক্তরাষ্ট্রের হিসাব-নিকাশ
ওয়াশিংটনও নিজস্ব এক সংকটের মুখে পড়েছে। ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে দূরবর্তী অঞ্চলে যুদ্ধ পরিচালনা করা সম্ভব হয়।
কিন্তু এসব ঘাঁটির উপস্থিতিই ইরানকে হামলার জন্য একের পর এক লক্ষ্যবস্তু দিয়েছে। গত মার্চে ইরানের একটি ড্রোন সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটির একটি হ্যাঙ্গারে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তৎপরতা ও রসদ সরবরাহের কাজে ওই ঘাঁটি ব্যবহার করে।
পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য বুলগেরিয়ার বিরুদ্ধেও হুমকি দিয়েছিল তেহরান। ইরানে হামলা চালানোর কাজে ব্যবহৃত মার্কিন বিমানগুলোকে জ্বালানি সরবরাহের জন্য দেশটি তাদের বেজমার বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর ইরান এই হুমকি দেয়।
কয়েক সপ্তাহ পর বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন, মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানগুলো স্থায়ীভাবে বেজমার ঘাঁটি ছেড়ে চলে গেছে।
দেশটির প্রেসিডেন্টও ঘোষণা দেন, ‘মিশন শেষ।’ এতে ওই ঘাঁটির নামে নামকরণ করা গ্রামটির বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি প্রায় অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, কুয়েতের ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি দল সার্জেন্ট অ্যাঞ্জেল এস. রামপারসাদের (২৮) মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো কফিনবাহী বাক্স নিয়ে যাচ্ছে। এ সময় সালাম জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ১৭ জুলাই জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে শত্রুপক্ষের হামলায় রামপারসাদ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শুয়াইবা বন্দরে চালানো এক হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন এবং সেনাবাহিনীর একটি পরিচালনাকেন্দ্র ধ্বংস হয়ে যায়।
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আলী আল সালেম বিমানঘাঁটির বিমান চলাচল-সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন।
ক্যাম্প বুহরিংয়ে হামলায় রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।
কাতারে ইরানের এক হামলায় আল উদেইদ বিমানঘাঁটির আগাম সতর্কতামূলক রাডারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিমান অভিযান পরিচালনাকারী সদর দপ্তর অবস্থিত।
অন্যদিকে বাহরাইনে ইরানের একটি ড্রোনের আঘাতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরের যোগাযোগব্যবস্থার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
এসব ক্ষয়ক্ষতি নতুন একটি প্রশ্ন সামনে এনেছে: হামলার শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্র তার সামরিক ঘাঁটিগুলো আগের মতো কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে?
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উপসাগরীয় অধ্যয়ন বিভাগের অধ্যাপক গার্ড ননেম্যান আল-জাজিরাকে বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে, কিছু সামরিক ঘাঁটি ‘নিজেরাই অত্যন্ত অরক্ষিত’ এবং যেসব কাজ সম্পাদনের জন্য এগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল, তার অনেকগুলোই করতে ‘অক্ষম’।
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উপসাগরীয় অধ্যয়ন বিভাগের অধ্যাপক গার্ড ননেম্যান আল-জাজিরাকে বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে, কিছু সামরিক ঘাঁটি ‘নিজেরাই অত্যন্ত অরক্ষিত’ এবং যেসব কাজ সম্পাদনের জন্য এগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল, তার অনেকগুলোই করতে ‘অক্ষম’।
সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করা কেন কঠিন হয়ে উঠছে
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন আল-জাজিরাকে বলেন, ‘বড় আকারের সামরিক ঘাঁটিগুলোকে এখন সত্যিই অনেক সহজে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তুলনামূলক কম দামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যে প্রযুক্তি এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, তা হলো ড্রোন।’
ইরান কম খরচে নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরির সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে তুলনামূলক অনেক বেশি ক্ষয়ক্ষতি করতে পারে।
একই সঙ্গে এগুলো প্রতিহত করতে প্রতিপক্ষকে অনেক বেশি দামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। ফলে প্রতিপক্ষের বিপুল অর্থ ব্যয় হয়।
অন্যদিকে যুক্তরাজ্যে ড্রোন মার্কিন বিমানঘাঁটিগুলোর সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।
আরএএফ মিলডেনহল ঘাঁটির বিরুদ্ধে যে হুমকির কথা বলা হচ্ছে, তার প্রকৃতি এখনো স্পষ্ট নয়। তবে ফেয়ারফোর্ডের ক্ষেত্রে একটি হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) গবেষক ও কোর্স পরিচালক আরবান কনিংহাম আল-জাজিরাকে বলেন, ‘সামরিক ঘাঁটিগুলোকে কারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, সেই সম্ভাব্য পক্ষগুলোর পরিসর বদলে গেছে। ঘাঁটিগুলো এখন বেশি অরক্ষিত। ফলে ঝুঁকি নিরূপণের হিসাবও বদলে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এখন যে কেউ নিজের বাড়ির বেজমেন্টে বসে একটি ড্রোন তৈরি করতে পারে। যারা বিশৃঙ্খলা বা বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে চায়, তারা সংঘবদ্ধ অপরাধী চক্রকে কাজে লাগাতে পারে। ফলে হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।’
কনিংহামের মতে, এসব কারণেই সামরিক ঘাঁটিগুলো আগের চেয়ে বেশি অরক্ষিত হয়ে উঠছে এবং এর ফলে ঝুঁকি নিরূপণের হিসাব-নিকাশও বদলে যাচ্ছে।
ইরান যুদ্ধ চীনের জন্য ট্রাম্পের উপহারইরান-ইরাক যুদ্ধ থেকে ট্রাম্পের যে শিক্ষা নেওয়া উচিত
নীতিনির্ধারণে জটিল সংকট
ওয়াশিংটন যখন উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে কিছু সামরিক সরঞ্জাম ও সক্ষমতা সরিয়ে নিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।
মোহাম্মদ আলী শাবানি বলেন, ‘সেন্টকম যে ইসরায়েলকে সামনের সারির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের দিকে এগোচ্ছে, এরই মধ্যে তার কিছু লক্ষণ দেখা যাচ্ছে।’
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল।
উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানি যখন হুমকির মুখে, তখন মার্কিন সেনাদের কাছাকাছি অবস্থানে রাখা ওয়াশিংটনকে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেয়। কিন্তু একই সঙ্গে এসব সেনাকে ইরানের হামলার ঝুঁকির মধ্যেও ফেলে দেয়।
রুসির গবেষক আরবান কনিংহাম বলেন, ‘দীর্ঘমেয়াদি সমাধান হলো অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করা এবং তাদের সামরিক বাহিনীকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার মতো সক্ষম করে তোলা।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক মহলে এ নিয়ে বিতর্ক চলছে। ইরানিরাও সেই বিতর্কের প্রসঙ্গ টেনে বলছে, যত দিন মার্কিন সেনারা এখানে থাকবে, তত দিন তারা হামলার লক্ষ্যবস্তু হবে।’
কনিংহামের ভাষায়, ‘এটাই যুক্তরাষ্ট্রের জন্য নীতিনির্ধারণী জটিলতা। শেষ পর্যন্ত তারা মনে করে, কোনো না কোনোভাবে এসব সামরিক ঘাঁটি রাখার বিকল্প তাদের হাতে নেই।’
কাওলান ম্যাগি অস্ত্রশিল্প, বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং মানবাধিকারবিষয়ক লেখক ও সাংবাদিক।
আল–জাজিরা থেকে নেওয়া।
ইংরেজি থেকে অনূদিত।

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
বেসরকারি হাসপাতালে নিঃস্ব মানুষ