২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলভক্তরা বিশ্বকাপের আয়োজক শহরগুলোতে ভিড় করতে শুরু করেছেন। দর্শকদের স্টেডিয়াম অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। সেই উদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে ‘ফিফা ফ্যান আইডি’।
এই ফ্যান আইডি মূলত একটি বিশেষ স্মার্ট ফিজিক্যাল কার্ড, যা ম্যাচ দেখতে আসা টিকিটধারী দর্শকদের উপহার হিসেবে দেওয়া হবে। এটি শুধু স্মারক হিসেবেই নয়, বরং অফিশিয়াল টুর্নামেন্ট কনটেন্ট, ডিজিটাল রিওয়ার্ড এবং বিনোদনভিত্তিক বিভিন্ন সুবিধার প্রবেশদ্বার হিসেবেও কাজ করবে।
কার্ডটির অন্যতম আকর্ষণ হলো- সমর্থকেরা স্মার্টফোনের মাধ্যমে এটি ট্যাপ করেই একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। সেখানে তারা নিজেদের বিশ্বকাপ স্মৃতি ডিজিটালভাবে সংরক্ষণ করতে পারবেন এবং ম্যাচের অফিসিয়াল ছবি ব্যবহার করে ব্যক্তিগতকৃত স্মারকও তৈরি করতে পারবেন।
বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের যেকোনো একটিতে প্রবেশের পর দর্শকরা ফ্যান ইনফরমেশন বুথ থেকে এই কাস্টমাইজযোগ্য কার্ড সংগ্রহ করতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের প্রথম ম্যাচেই ফ্যান আইডি সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। ম্যাচ শেষে কার্ডটি স্মারক হিসেবেও সংরক্ষণ করা যাবে।
ফ্যান আইডির মাধ্যমে সমর্থকেরা অগমেন্টেড রিয়েলিটি (এআর) ভিডিও বার্তা দেখতে পারবেন। পাশাপাশি থাকছে বিভিন্ন পুরস্কার ও চমক জেতার সুযোগ। এছাড়া স্টেডিয়ামসংক্রান্ত তথ্য এবং ম্যাচ-ডে অভিজ্ঞতা সহজ করতে প্রয়োজনীয় নির্দেশনাও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে।
এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি দর্শকদের ফ্যান আইডি সংগ্রহ ও ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়াম এলাকায় লাইভ বিনোদন ও নানা আয়োজন থাকবে। তাই দর্শকদের আগেভাগেই স্টেডিয়ামে এসে ফ্যান আইডি সংগ্রহ করতে উৎসাহ দেওয়া হচ্ছে। এমনকি স্টেডিয়ামে উপস্থিত না থাকলেও নিয়মিত কার্ডে ট্যাপ করে নতুন ফুটবল কনটেন্ট উপভোগ করা যাবে।
বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে গ্যালারিতে প্রায় ৬০ লাখ দর্শক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশ্বজুড়ে প্রায় ছয়শ কোটি মানুষ টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে খেলা উপভোগ করবেন।
ফিফা আরও জানিয়েছে, টিকিট ও হসপিটালিটি প্যাকেজ শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কেনা উচিত। কারণ অনুমোদনহীন উৎস থেকে কেনা টিকিট স্টেডিয়ামে গ্রহণযোগ্য হবে না।
সংস্থাটি স্পষ্ট করেছে, ‘ফিফা ফ্যান আইডি’ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং এটি সব টিকিটধারীর জন্য উন্মুক্ত। তবে এটি কোনো ভিসা বা ম্যাচের বিকল্প টিকিট নয় এবং স্টেডিয়ামে প্রবেশের জন্য বাধ্যতামূলকও নয়। মূলত দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই ডিজিটাল সুবিধা চালু করা হয়েছে।
