প্রথম সমাচার ডেস্ক:
ভারত থেকে দেশে ফেরা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে বাড়িতে আশ্রয় দেওয়ায় যুবদল থেকে বহিষ্কৃত হয়েছেন আজহারুল ইসলাম। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোশাররফ ভারতে চলে যান। প্রায় দেড় মাস আগে দেশে ফিরে তিনি আজহারুলের বাড়িতে আত্মগোপন করেন। মঙ্গলবার মধ্যরাতে বারপাড়া এলাকার যুবদল কর্মীর ওই বাড়ি থেকে মোশাররফকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশের ভাষ্য, মোশাররফের বিরুদ্ধে জুলাই আন্দোলনকেন্দ্রিক একাধিক মামলা রয়েছে। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান গণমাধ্যমকে বলেন, মোশাররফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন