মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে কেএমপির গণবিজ্ঞপ্তি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনা মহানগরীতে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচার বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। একই সঙ্গে ভুয়া পরিচয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হয়রানি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কেএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের সাংবাদিক বা বিভিন্ন পেশার পরিচয় দিচ্ছে।

এসব পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি গুজব এবং ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ গণবিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অনুমোদন ছাড়া সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র ও স্টিকার ব্যবহার করে চাঁদা দাবি কিংবা কারও ওপর চাপ সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য, ছবি, ভিডিও বা বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর ও জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ ও অপপ্রচারকারীদের বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানা, কেএমপির কন্ট্রোল রুমের ০১৩২০-০৫৮৯৯৮ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ জানানোর অনুরোধ করা হয়েছে।

পুলিশ কমিশনারের স্বাক্ষরে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com