প্রথম সমাচার ডেস্ক:
সিঙ্গাপুরের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দাপুটে জয় নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। ওই ম্যাচে জোড়া গোল করা ভিনিসিয়ুস এবার সিঙ্গাপুরের বিপক্ষে আরও বিধ্বংসী রূপে হাজির হন। ম্যাচের মাত্র ২১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
ম্যাচের নবম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ১৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ২১ মিনিটে জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
৩১ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। এস্তেভাওয়ের পাস থেকে গোলটি করেন তিনি। ৪২ মিনিটে এস্তেভাও নিজেও বল জালে পাঠিয়েছিলেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে কার্লো আনচেলত্তির দল। ৫১ মিনিটে গোল করে ব্যবধান ৫-০ করেন এস্তেভাও। ৬৫ মিনিটে অ্যালান এলিয়াসের পাস থেকে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন রায়ান।
এরপর ৭৪ মিনিটে সিঙ্গাপুরের সুহাইমির আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ম্যাচে ৪-২-৪ ছকে দল সাজিয়েছিলেন আনচেলত্তি। আক্রমণভাগে ভিনিসিয়ুস, এন্দ্রিক, এস্তেভাও ও রায়ানকে খেলান তিনি। অন্যদিকে ওয়েসলি ও কার্লোস আগুস্তোকে রাখা হয়েছিল বদলি বেঞ্চে।
ম্যাচের ৬০ মিনিটের দিকে একসঙ্গে চারটি পরিবর্তন আনে ব্রাজিল। ভিনিসিয়ুস, ব্রুনো গিমারায়েস, জোয়াও গোমেস ও গ্যাব্রিয়েলকে তুলে নিয়ে তাদের জায়গায় মাঠে নামানো হয় অ্যালান এলিয়াস, মারলন গোমেস, গ্যাব্রিয়েল বন্তেম্পো ও ভিতর রেইসকে।

আ.লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল
জমির কাজ নিয়ে দিনের পর দিন ঘুরছেন মানুষ, সমাধান নেই ভূমি অফিসে
পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন গালর্স হাই স্কুলে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ