মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে গিজার বিক্রি, বিএসটিআইয়ের জরিমানা

Icon প্রথম সমাচার ডেস্ক

সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার প্রতিষ্ঠিত দুটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ সিএম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। গিজার বাজারজাত করতে প্রতিষ্ঠানটি দেশের প্রতিষ্ঠিত দুটি স্বনামধন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে জরিমানা ও কারখানা সিলগালা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের ৩৩৫টি পণ্যের মধ্যে গিজার অন্যতম। এই পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের জন্য বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ করা বাধ্যতামূলক। লাইসেন্স বা অনুমোদন ছাড়া বাজারজাত করা হলে গিজারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থেকে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। নকল বা অনুমোদনহীন গিজার কেনার ক্ষেত্রে পণ্যটির বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানির চাপ সহ্য করার ক্ষমতা নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষিত কি না—তা যাচাই করা অত্যন্ত জরুরি। এসব সুরক্ষায় ঘাটতি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুন লাগা, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা পানির ট্যাংক ফেটে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। এ কারণে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী মান পরীক্ষা করেই কেবল লাইসেন্স দিয়ে থাকে।

অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

পণ্যের মান নিশ্চিত করতে এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com