প্রথম সমাচার ডেস্ক:
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নিন সনির সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা চাওয়ার অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওসি নিজেই।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নিন সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।
ছড়িয়ে পড়া অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাঁকে টাকা খরচ করতে হয়েছে। পরে আবার টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
অডিওতে সনিকে তাঁর সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলতে শোনা যায়। এ ছাড়া তাঁর ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন সনি। তাঁর দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাঁকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।
তবে সনির তোলা অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’
ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
সূত্র: মূল প্রতিবেদন
