শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মহেশপুরে সার ডিলারের তালিকায় তিন আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ

Icon প্রথম সমাচার ডেস্ক

ঝিনাইদহের মহেশপুরে সারের নতুন ডিলার নিয়োগ ঘিরে অনিয়ম, দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগে বিতর্ক তৈরি হয়েছে। নিয়োগ ডিলারদের মধ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের নাম রয়েছে। এ নিয়ে বাদ পড়া প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সরকারদলীয় নেতাকর্মীদের কেউ কেউ প্রকাশ্যে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও স্বজনপ্রীতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। নতুন ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগও দেয়া হয়েছে। এর মধ্যেই কয়েকটি জেলায় কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। কিছু এলাকায় সরবরাহ সংকটের কথা বলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির তথ্যও মিলেছে।

মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগ নেতা এহসান রেজা লিখন, যাদবপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুর খান ও আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবাল সারের ডিলার নিয়োগ পেয়েছেন।

শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এহসান রেজার আপন বড় ভাই হাসান বিশ্বাস মহেশপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সেজো ভাই সেলিম রেজা লিটন ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক। লিখনদের পরিবারের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোটকেন্দ্র দখল করে ভোট দেয়া, বিল-বাঁওড় দখল, বিরোধীদলের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলা, নির্যাতন ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার বহু অভিযোগ রয়েছে। এছাড়াও ভয়ভীতি দেখিয়ে মহেশপুরে একচেটিয়ে ডিশ ও ইন্টারনেট পরিসেবার ব্যবসাও তারা নিয়ন্ত্রণ করেছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা তার দুলাভাই। তার দুলাভাই মনা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সার ডিলার নিয়োগের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সবুর খান ইউনিয়নের ডিলার মনোনীত হয়েছেন। আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল খানের ডান হাত হিসেবে পরিচিত সবুর খান সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের ত্রাস ও মাদক সম্রাট বলে অভিযোগ রয়েছে। সীমান্তের মাদক ও স্বর্ন চোরাচালান নিয়ন্ত্রনের দায়িত্ব ছিল তার হাতে। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার শ্যালক হওয়ায় সবুর খান এখনো ভারতীয় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সবুর খানের সহযোগিতায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা এই সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান।

মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লাহ বলেন, আমার বাবা এই ইউনিয়ন বিএনপি’র একজন ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন এই ইউনিয়নে সাব ডিলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আমার বাবার কাছ থেকে ডিলারশিপ কেড়ে নেয়। এবার আমরা আশা করেছিলাম। কিন্তু মোটা অঙ্কের অর্থ বাণিজ্যে আওয়ামী লীগ থেকে শুরু করে অনেক অযোগ্য মানুষ নিয়োগ পেয়েছে।

তিনি আরও বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির কমিটিতে নেতৃত্বে থাকা নেতারা এর সাথে যুক্ত। এরা দলটিকে শেষ করে দিল। পুরো মহেশপুর উপজেলা বিএনপি শেষ। মাননীয় প্রধানমন্ত্রী এখনই হস্তক্ষেপ না করলে, এদের না থামালে সব শেষ হয়ে যাবে। এরা দলের কলঙ্ক। এদের লাগাম টেনে ধরতে হবে।

আজমপুর ইউনিয়নের সারের ডিলার জাবেদ ইকবাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একটি এমপিওভুক্ত মাদ্রাসার সহকারি শিক্ষক। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা আর্থিক সুবিধা নেওয়ার বিনিময়ে তাকে সারের ডিলার হিসেবে সুপারিশ করেন। যদিও সার নীতিমালা ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত কোন প্রতিষ্ঠানের কেউ সার ডিলার হতে বা থাকতে পারবেন না।

জাবেদ ইকবালের ডিলারশিপ বাতিল চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। অভিযোগে বলা হয়েছে, সরকারি নীতিমালা ও বিদ্যমান চাকরি বিধিমালা সম্পূর্ণ লঙ্গন করে কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গাল দাখিল মাদ্রাসার (প্রতিষ্ঠান কোড: ৫৬০৩১২২১০১) একজন নিয়মিত এমপিওভুক্ত শিক্ষক জাবেদ ইকবালকে অবৈধভাবে সারের ডিলারশীপ প্রদান করা হয়েছে। সরকারি কোষাগার হতে শতভাগ বেতন-ভাতা ভোগকারী পূর্ণকালীন দায়িত্বশীল ব্যক্তি শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে কোনো প্রকার বাণিজ্যিক ব্যাবসা পরিচালনা বা বাণিজ্যিক ডিলারশীপ গ্রহণ করা সুস্পষ্ট চাকরি বিধি লঙ্ঘন।

মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির হোসেন উদ্দীন বিশ্বাস বলেন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি আমার কাছে পাঁচজনের রাজনৈতিক অবস্থান জানতে চান। আমি সুনির্দিষ্টভাবে জানিয়েছিলাম। কিন্তু এখন দেখছি, আমরা নৌকার তলে চাপা পড়েছি। এখন আর বিএনপি করার কোনো মানে হয় না। ঝিনাইদহ জেলা থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে আমার ছেলের নামটিও ডিলারের তালিকায় নেই।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আমার শ্যালক জেলা বিএনপির কমিটিতে আছে। তাই আওয়ামী পরিবারের সদস্যÑএমন অভিযোগ সঠিক নয়। তাছাড়া সারা জেলার তালিকা সম্পর্কে আমি জানি না।

ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নোমান হোসেন বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাইপূর্বক তিনজনের নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয় বা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল। নিয়োগপ্রক্রিয়ায় কোনো নীতিমালার ব্যত্যয়ের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com