প্রথম সমাচার ডেস্ক:
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় চাপা থাকা বোমা বিস্ফোরিত হয়ে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাদলের বাড়ির পেছনে ছয়তলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় মাটিতে চাপা থাকা বোমা সদৃশ বস্তুতে কোদালের আঘাত লাগলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সুজন হোসেন জানান, ঘটনাটি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
