প্রথম সমাচার ডেস্ক:
মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও পাকা ধান কাটার অপেক্ষায়, কোথাও আবার কেটে রাখা ধান পড়ে আছে জমিতে। নতুন ফসল ঘরে তোলার স্বপ্নে দিন কাটছিল কৃষকদের। কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে সেই স্বপ্নে এখন দুশ্চিন্তার ছায়া। পাকা ধান ভিজে যাওয়া, জমিতে পানি জমা এবং কাটা ফসল শুকানো নিয়ে চরম বিপাকে পড়েছেন নড়াইলের কৃষকরা।
বৃহস্পতিবার ও শুক্রবারের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার আমন ধানের মাঠে পানি জমেছে। কোথাও বৃষ্টির পানিতে ভিজে গেছে পাকা ধান, কোথাও জমিতে পড়ে থাকা কাটা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে ফসলের আরও ক্ষতির আশঙ্কা করছেন তারা।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে নড়াইলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে আছে পাকা ধান ও কাটা ফসল। কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা ধান নুয়ে পড়েছে, কোথাও কাটা ধান জমিতেই পড়ে রয়েছে। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ধান কাটা, মাড়াই ও ফসল ঘরে তোলার কাজ। দ্রুত ধান কাটতে না পারলে আরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
হেমন্তের সোনালি আবহে আমন ধান কাটার মৌসুমে কৃষক-কৃষাণীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন ফসল ঘরে তুলতে। কিন্তু বৈরী আবহাওয়ায় সেই ব্যস্ততা এখন পরিণত হয়েছে উৎকণ্ঠায়। একদিকে দ্রুত ধান কাটার তাড়া, অন্যদিকে বৃষ্টিতে ভেজা ধান শুকানো ও সংরক্ষণ নিয়ে শঙ্কা। সময়মতো রোদ না মিললে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তারা।
লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের কৃষক মিরাজ মোল্লা, আক্তার মোল্লা, ফিরোজ মোল্লা, শরিফুল মোল্লা ও হাসান শেখসহ একাধিক কৃষক বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কায় রয়েছেন। একই পরিস্থিতিতে উদ্বিগ্ন ডাসেরডাঙ্গা গ্রামের আশেক, ঝিঁকরা গ্রামের কৃষক আলীম, লাহুড়িয়া এগারোনলি গ্রামের আসাদ শেখ এবং নলদী ইউনিয়নের নখখালী গ্রামের রুফল মিয়াসহ বিভিন্ন এলাকার কৃষকরা।
বাঁকা গ্রামের কৃষক মিরাজ মোল্লা বলেন, অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। এখন ঘরে তোলার সময় টানা বৃষ্টি শুরু হয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। আবার কাটা ধানও শুকাতে পারছি না। দ্রুত রোদ না উঠলে আমাদের লোকসান গুনতে হবে।
কালিয়া শহরের কৃষক হান্নান শেখ বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। অনেক আশা নিয়ে ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে। পাকা ধান জমিতে পড়ে আছে, আর কাটা ধান ভিজে যাচ্ছে। এখন আবহাওয়া ভালো না হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
নড়াইল সদর উপজেলার কৃষক রুবেল শেখ বলেন, সারা বছর জমিতে পরিশ্রম করেছি শুধু এই ধান ঘরে তোলার আশায়। কিন্তু দুই দিনের বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়ে গেছি। পাকা ধান জমিতে পড়ে আছে, আর কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার ভয় রয়েছে। দ্রুত রোদ না উঠলে আমাদের অনেক ক্ষতি হবে।
কালিয়া উপজেলার কৃষক বিনয় কুমার বলেন, ধান কাটার জন্য শ্রমিক ঠিক করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমেছে। শ্রমিক নিয়েও ঠিকমতো ধান কাটতে পারছি না। একদিকে ধান পেকে যাচ্ছে, অন্যদিকে বৃষ্টির কারণে মাঠে কাজ করা যাচ্ছে না। কীভাবে ফসল ঘরে তুলব, তা নিয়েই চিন্তায় আছি।
নড়াইল পৌর এলাকার কৃষক নিখিল দাস বলেন, কাটা ধান জমিতে পড়ে থাকলে শুধু ভিজবেই না, সময়মতো শুকাতে না পারলে ধানের রং ও মান নষ্ট হতে পারে। এতে বাজারে দামও কম পাওয়া যাবে। সারা বছরের পরিশ্রম যেন বৃষ্টিতে নষ্ট না হয়, সেটাই এখন আমাদের চাওয়া।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফুর রহমান এশিয়া পোস্টকে জানান, চলতি বছর নড়াইল জেলায় ৪৩ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।
তিনি আরও জানান, নিম্নাঞ্চলের কিছু জমির ধান বৃষ্টির পানিতে আক্রান্ত হলেও ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত খুব বেশি নয়।
বছরজুড়ে শ্রম, ঘাম ও অর্থ ব্যয় করে মাঠে ফলানো ফসল ঘরে তোলার শেষ সময়ে এমন বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। তাদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত না সরলে এবং আবহাওয়ার উন্নতি না হলে ফসল কাটতে আরও বিলম্ব হবে। এতে উৎপাদিত ধানের মান ও বাজারমূল্য দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে।
সূত্র: মূল প্রতিবেদন
