রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

হাইকোর্টের আদেশ অমান্য করে ভাষাসৈনিকের জমির গাছ কাটার অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বগুড়ার সোনাতলায় ভাষাসৈনিক মো. মঈদুল হাসান তরফদারের জমিতে হাইকোর্টের স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) আদেশ অমান্য করে চারটি গাছ কাটার অভিযোগ উঠেছে। জমি নিয়ে মামলা চলমান অবস্থায় ৮ নভেম্বর দুটি আম ও দুটি কাঁঠালগাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মঈদুল হাসানের ভাইয়ের স্ত্রী ইয়াসমিন হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৯২ বছর বয়সি মঈদুল হাসান একজন ভাষাসৈনিক। তিনি দুইবার একুশে পদক পেয়েছেন। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। ১৯৯৭ সালের ৯ মার্চ ১২১৭/৯৭ নম্বর কবলা দলিলের মাধ্যমে তিনি সোনাতলার উত্তর জোড়গাছা মৌজায় ১৯৮ শতক জমি কেনেন। এরপর থেকে জমিটি ভোগদখল করে আসছেন তিনি। জমির খাজনাও পরিশোধ করা রয়েছে।

লিখিত অভিযোগে ইয়াসমিন হাসান মো. মোস্তাফিজুর রহমান নান্নু (৬৬) ও তার ছেলে মো. রাসেল মণ্ডলের (৩৪) বিরুদ্ধে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা এবং গাছ কাটার অভিযোগ করেছেন। জমিটি নিয়ে দুটি সিভিল রিভিশন মামলা হাইকোর্টে চলমান।

অভিযোগকারীর দাবি, হাইকোর্ট ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। গত ১০ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য ছিল।

ইয়াসমিন হাসান অভিযোগে বলেন, হাইকোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্য করে গত ৮ নভেম্বর বিবাদীরা জোর করে দুটি আম ও দুটি কাঁঠালগাছ কেটে ফেলেন। এ ছাড়া জমিতে ইট ও বালু রাখেন। এতে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। যাওয়ার সময় বিবাদীরা জমির সব গাছপালা কেটে ফেলা, স্থাপনা ধ্বংস করা এবং নতুন করে স্থাপনা নির্মাণের হুমকি দেন।

ইয়াসমিন হাসানের দাবি, বিবাদীরা যেকোনো সময় জমিতে বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। অভিযোগের সঙ্গে গাছ কাটার চারটি ছবিও জমা দিয়েছেন।

সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, জমিজমা-সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আদালতের সঙ্গে সংশ্লিষ্ট। আদালতের কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com