দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবন। অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা। শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা পেয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা রানী পাল।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানের উদ্যোগে আয়োজিত হরিনাম সংকীর্তন ও কার্তিক যজ্ঞ মহোৎসবের অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি ক্রেস্ট, শ্রীমদ্ভগবদ্গীতা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়।
জানা যায়, ১৯৭৮ সালে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে গীতা রানী পালের শিক্ষকতা জীবনের সূচনা হয়। একই বছর তিনি নাছরীন নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যোগদান করেন। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালে অবসরোত্তর ছুটিতে যান তিনি।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেন কুমিল্লার অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী।
বক্তারা বলেন, শিক্ষকতা কেবল জীবিকা নির্বাহের পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। একজন শিক্ষক তাঁর জ্ঞান, মেধা, আদর্শ ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি প্রজন্মকে আলোকিত করেন। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে তোলেন। তাই একজন শিক্ষকের অবদান কখনো কর্মজীবনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না; তাঁর শিক্ষা ও আদর্শ শিক্ষার্থীদের জীবনে আজীবন পথপ্রদর্শক হয়ে থাকে।
তাঁরা আরও বলেন, গীতা রানী পাল শিক্ষকতা জীবনে অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ অনেককে অনুপ্রাণিত করেছে। একজন শিক্ষক অবসরে গেলেও সমাজের প্রতি তাঁর অবদান কখনো ম্লান হয় না। বরং শিক্ষার্থীদের জীবনে রেখে যাওয়া ইতিবাচক প্রভাবই তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখে।
বক্তারা আশা প্রকাশ করেন, গীতা রানী পালের এই সংবর্ধনা শিক্ষকসমাজের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শিক্ষকতার মহৎ আদর্শ ও মর্যাদা তুলে ধরবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানের সভাপতি হিরালাল সাহা, সাধারণ সম্পাদক আশীষ ব্রহ্মচারী, তাপস ভৌমিক, আশীষ বিশ্বাস, অশীষ বিশ্বাস, জয়ন্ত দাস ও সুদীপ্ত সাহা প্রমুখ।
এমআই/বার্তা বাজার

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না
কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে গিজার বিক্রি, বিএসটিআইয়ের জরিমানা